স্মার্ট ক্যাম্পাস গঠনে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আধুনিক বায়োগ্যাস প্ল্যান্টের উদ্বোধন

স্মার্ট ক্যাম্পাস গঠনে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আধুনিক বায়োগ্যাস প্ল্যান্টের উদ্বোধন

মিরর ডেস্ক

জুন ২০২৬

টেকসই জ্বালানি ব্যবহার, পরিবেশ সুরক্ষা এবং কার্বন-নিরপেক্ষ ক্যাম্পাস গঠনের লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাসে একটি আধুনিক স্মার্ট বায়োগ্যাস প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান বায়োগ্যাস বার্নারে অগ্নি প্রজ্বালনের মাধ্যমে প্ল্যান্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কৃষি বিজ্ঞানী, প্রকল্পের আহ্বায়ক ও কৃষি বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. এম. এ. রহিম এবং এমবেডেড সিস্টেম রিসার্চ সেন্টারের পরিচালক ড. ফিজার আহমেদ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এই প্রকল্প শুধু নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারই বাড়াবে না, বরং শিক্ষার্থী ও গবেষকদের জন্য একটি বাস্তবভিত্তিক গবেষণাগার হিসেবেও কাজ করবে। দৈনিক ২০ থেকে ৩০ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন সক্ষমতাসম্পন্ন এ প্ল্যান্ট ক্যাম্পাসের জৈব বর্জ্যকে পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তর করবে।


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে যে, এই উদ্যোগ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে টেকসই উন্নয়ন ও সবুজ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে একটি অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।

কপিরাইট © 2026 দ্য ক্যাম্পাস মিরর